রাজশাহীর বাগমারায় পদোন্নতি ও পদবি পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বাগমারা শাখা কার্যালয়ের সামনে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার নিয়ে তাঁরা এ কর্মসূচিতে অংশ নেন।
ব্যাংক সূত্রে জানা যায়, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৩তম সভায় ২০২৪ সালের ৭ নভেম্বর কয়েকটি পদের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবে ভূমি অফিসার (মাঠ) পদকে ভূমি অফিসার, কম্পিউটার অপারেটরকে জ্যেষ্ঠ সহকারী অফিসার, মাঠ সহকারীকে সহকারী অফিসার এবং ক্যাশ সহকারীকে সহকারী অফিসার (ক্যাশ) করার কথা বলা হয়।
পরে প্রস্তাবটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। আন্দোলনকারীদের ভাষ্য, দীর্ঘ সময় পার হলেও প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো অনুমোদিত না হওয়ায় পদোন্নতির সুযোগ তৈরি হয়নি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন করায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। পদোন্নতির সুযোগ না থাকায় তাঁদের যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। তাঁদের মতে, প্রস্তাবিত কাঠামো অনুমোদিত হলে পদোন্নতির সুযোগ তৈরির পাশাপাশি ব্যাংকের প্রশাসনিক কার্যক্রমেও গতি আসবে।
কর্মসূচি থেকে দ্রুত প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো অনুমোদন, পদবি পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং পদোন্নতির সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।