জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে শুক্রবার রংপুর ও চট্টগ্রামের পটিয়ায় মশাল মিছিল হয়েছে। রংপুরে দলের জেলা আহ্বায়ক আল মামুন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত পদত্যাগের আহ্বান জানান।
রংপুর জেলা এনসিপির উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর টাউন হল এলাকা থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও জীবনবীমার মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ ও ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ ধরনের স্লোগান দেন।
সমাবেশে আল মামুন নুসরাত তাবাসসুমের বাড়ি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, ওই বাড়ি পরিত্যক্ত ছিল এবং সেখানে গরু-ছাগল ছিল। আল মামুন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হলো দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা; কোন বাড়ি পরিত্যক্ত বা ব্যবহৃত, সেটি মুখ্য বিষয় নয়। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগছে।
বক্তারা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁরা প্রশ্ন তোলেন, একজন সংসদ সদস্যের বাড়ির নিরাপত্তাই নিশ্চিত না হলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে হবে। তাঁদের দাবি, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিও জানান।
একই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ৮টায় চট্টগ্রামের পটিয়া পৌরসদরের থানার মোড় থেকে মশাল মিছিল বের করে পটিয়া উপজেলা এনসিপি। পরে প্রতিবাদ সভায় উপজেলা আহ্বায়ক আবদুর রশিদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করেন।