পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কাউখালীর বেকুটিয়া এলাকার শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের সুনান মাঝী (২০) ও কেউন্দিয়া গ্রামের সাজিদ (২৩)। আহত দুজন হলেন কাউখালীর পাঙ্গাসিয়া গ্রামের মাহফুজুর রহমান (২৫) ও পিরোজপুর সদরের মধ্যরাস্তা এলাকার জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে পাঁচজন কাউখালীর দিকে যাচ্ছিলেন। সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী পাঁচজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান এবং দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে জেলা হাসপাতালে নেন। আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে তিনি জানতে পারেন।
জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও খুলনায় পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শান্ত রায় মারা যান। রাত সাড়ে ১১টার দিকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে সাজিদ ও সুনান মাঝীরও মৃত্যু হয়। তিন যুবকের মৃত্যুতে দুটি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।