সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা

কর্ণফুলীর মইজ্যারটেক থেকে কয়েক শ শ্রমিক মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান; পুলিশ জানায়, কোনো ঝামেলা হয়নি।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলমের সব বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। সোমবার সকাল ১০টায় উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে মিছিলটি শুরু হয়। কয়েক শ শ্রমিক মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে এগিয়ে যান।

মিছিলে শ্রমিকদের হাতে কারখানা খুলে দেওয়ার দাবিসংবলিত প্ল্যাকার্ড ছিল। শ্রমিকরা জানিয়েছেন, জেলা প্রশাসকের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন।

জানা গেছে, কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুলে এস আলম সিমেন্ট, এস আলম ইস্পাত, এস আলম সয়াবিন ও এস আলম সুগারসহ ১০টিরও বেশি কারখানা রয়েছে। এসব কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করতেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর একে একে কারখানাগুলো বন্ধ হয়ে যায়। সর্বশেষ বন্ধ ঘোষণা করা হয় এস আলম সুগার মিল।

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ বলেন, শ্রমিকদের মিছিল ঘিরে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সতর্ক অবস্থায় ছিল। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের ঝামেলা হয়নি।