শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই, লম্বা বিশ্রামে হাসান মাহমুদ

পাঁচ মাস পর জাতীয় দলে ফেরার আগেই ডেঙ্গু ধরা পড়েছে পেসার নাহিদ রানার; কনুইয়ের চোটে এক থেকে দেড় মাস বিশ্রামে থাকতে বলা হয়েছে হাসান মাহমুদকে।

দীর্ঘ পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন পেসার নাহিদ রানা, কিন্তু মাঠে ফেরার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। এ কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ২৪ বছর বয়সী এই পেসার। বিসিবির মেডিক্যাল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

গত জুন থেকে সাইড স্ট্রেইন ও হিপ জয়েন্টের ব্যথায় মাঠের বাইরে আছেন নাহিদ। পুনর্বাসনের সময় অস্ট্রেলিয়ায় তিনি পুরোদমে বোলিং শুরু করেছিলেন এবং বিসিবির মেডিক্যাল বিভাগের ছাড়পত্রও পেয়েছিলেন। তবে ম্যাচ ফিটনেস পুরোপুরি না ফেরায় ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে তিনি জায়গা পাননি।

পরিকল্পনা ছিল, ওয়ানডে সিরিজ চলাকালেই নাহিদকে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে, যাতে ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে নিজেকে প্রস্তুত করতে পারেন। ৩০ নভেম্বর পর্যন্ত বোলিংয়ের নির্দিষ্ট লক্ষ্যমাত্রাও দেওয়া হয়েছিল। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় গত দুই দিন অনুশীলনে বোলিং করতে পারেননি তিনি। পরে ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ ফল আসে। এখন এক থেকে দুই সপ্তাহ তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং এ সময় বোলিং অনুশীলনের সুযোগ নেই।

একই সময়ে চোটের কারণে লম্বা বিরতিতে যেতে হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে টেনিস এলবোর পুরোনো ব্যথা বেড়ে যাওয়ায় সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। দেশে ফিরে আসা এই পেসারকে অন্তত এক থেকে দেড় মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। বিশ্রামের সময় আরও বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে।

বাংলাদেশের জন্য আপাতত স্বস্তির বিষয়, আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের আর কোনো গুরুত্বপূর্ণ সূচি নেই। জানুয়ারিতে ভারতের বাংলাদেশ সফর না হওয়ার বিষয়টিও প্রায় নিশ্চিত, আর ওই সময়ে বিকল্প কোনো সিরিজও এখনো পায়নি বিসিবি। ফলে দুই পেসারকে সুস্থ করে ফেরানোর জন্য কিছুটা সময় হাতে থাকছে।