সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে ব্যাগে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে পাটুল নীচা বাজার–খোলাবাড়িয়া সড়কের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করেছে এসআরবি-৫।

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। রোববার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন এসআরবি-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস। এসআরবি-৫–এর সূত্রের বরাতে জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা থানার পাটুল নীচা বাজার থেকে খোলাবাড়িয়াগামী সড়ক এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় অভিযানকারী দলের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।

রাত সাড়ে ৩টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করা হয়। তল্লাশিতে ছয়টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে সেগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কে বা কারা ককটেলগুলো ওই স্থানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি।