রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ফরিদপুরের সদরপুরে একটি স্কুলে শ্রেণিকক্ষ সংকট, খেলার মাঠের জায়গায় পুকুর

১১৩ শিক্ষার্থীর জন্য মূল ভবনে দুটি কক্ষ থাকায় শিক্ষকেরা নিজ খরচে পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ সংস্কার করে পাঠদান চালাচ্ছেন।

ফরিদপুরের সদরপুর উপজেলার ৯২ নম্বর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। শ্রেণিকক্ষ কম থাকায় পরিত্যক্ত ভবনের জরাজীর্ণ দুটি কক্ষ সংস্কার করে ক্লাস নিতে হচ্ছে। পাশাপাশি খেলার মাঠের জায়গায় পুকুর থাকায় শিশুরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং পানিতে পড়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১১৩ শিক্ষার্থীর জন্য মূল ভবনে আছে মাত্র দুটি কক্ষ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের জন্য এটি পর্যাপ্ত না হওয়ায় শিক্ষকেরা নিজ খরচে পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ সংস্কার করে ব্যবহার করছেন। এভাবে মোট চারটি কক্ষে সমন্বয় করে ক্লাস চলছে। তবে ভবনগুলো পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উদ্বিগ্ন।

শ্যামপুর গ্রামের বিদ্যালয়টি ১৯৮৮ সালে ৫০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত। এত বছরেও নতুন ভবন নির্মাণ বা প্রয়োজনীয় উন্নয়ন না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। সীমিত জমিতে ভবন ও পুকুর থাকায় খেলার মাঠের জায়গাও নেই।

সহকারী শিক্ষক সুবর্ণা আক্তার বলেন, সব শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে পাঠদান করতে গিয়ে কক্ষসংকটে পড়তে হচ্ছে; বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনের কক্ষ সংস্কার করে ক্লাস নেওয়া হচ্ছে। আরেক সহকারী শিক্ষক জেসমিন আক্তার বলেন, মাঠের জায়গায় পুকুর থাকায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে, নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, ১১৩ শিক্ষার্থীর জন্য দুটি কক্ষ একেবারেই অপ্রতুল। সরকারিভাবে নতুন ভবন নির্মাণ ও মাঠের ব্যবস্থা হলে পাঠদানের পরিবেশ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান বলেন, শ্রেণিকক্ষ সংকট ও পুকুরের কারণে সৃষ্ট ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে; দ্রুত বরাদ্দ ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।