বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

‘বিদেশি এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন বিরোধীদলীয় নেতা

সংসদে আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে ‘একটি দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বোঝাপড়া’র কথা আসার পর দলটির নাম স্পষ্ট করতে বলেছেন শফিকুর রহমান।

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের বোঝাপড়া রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই।

এদিন সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন। সেখানে তিনি কোনো দলের নাম উল্লেখ না করে বলেন, একটি রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বোঝাপড়া রয়েছে।

বিবৃতির পর বিরোধীদলীয় নেতা কথা বলার সুযোগ চাইলে স্পিকার জানান, ৩০০ বিধির বিষয়ে সংসদের সুনির্দিষ্ট বিধান রয়েছে এবং এ বিধিতে বক্তব্যের পর পাল্টা জবাব দেওয়ার রেওয়াজ নেই। পরে স্পিকার তাঁকে কথা বলার সুযোগ দেন।

শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছেন। সীমান্তের ওপার থেকে ‘সুড়সুড়ি’ দেওয়া হচ্ছে—এ বিষয়ে তিনি একমত। তবে একটি দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বোঝাপড়ার কথা বলা হচ্ছে; ওই দলের কোনো সম্পর্ক আছে কি না এবং দলটি কোনটি, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি। তাঁকে ইঙ্গিত করে কথা না বলা হলে এসব বলার প্রয়োজন হতো না বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমরা একটা রাজনৈতিক দল। আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে। বসব বন্ধুদের সঙ্গে, যদি কোনো জায়গায় বন্ধু থাকে। এজেন্সির সঙ্গে বসার তো কোনো প্রশ্নই ওঠে না।”

যাঁরা এ ধরনের অভিযোগ করছেন, তাঁদেরই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসার নথি রয়েছে বলে দাবি করেন বিরোধীদলীয় নেতা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খানের প্রসঙ্গও তিনি তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সরকারে নিয়োজিত জামায়াতবিষয়ক একজন সচিব মর্যাদার ব্যক্তির কথার প্রসঙ্গ এসেছে কি না, সে প্রশ্নও তিনি করেন। আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কথা তিনি বলেছেন—এমন দাবি সঠিক নয় বলেও জানান শফিকুর রহমান।