বাংলার রাজনীতির ইতিহাসে মওলানা আবদুল হামিদ খান ভাসানী শুধু একটি নাম নয়, তিনি হয়ে উঠেছিলেন একটি প্রতিষ্ঠান। আজ ১৭ নভেম্বর তাঁর মৃত্যুর ৫০ বছর পূর্ণ হলো। ১৯৭৬ সালের এই দিনে প্রয়াত হন ‘মজলুম জননেতা’ খ্যাত এই রাজনীতিবিদ। মৃত্যুবার্ষিকীতে ক্ষমতাসীন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।
টাঙ্গাইলের সন্তোষের এক সাধারণ কুঁড়েঘর থেকে শুরু করে ঢাকার পল্টন ময়দান কিংবা পিকিংয়ের গ্রেট হল—সর্বত্র তাঁর কণ্ঠে উচ্চারিত হয়েছে শোষিত মানুষের মুক্তির কথা। তিনি নিজে কখনো ক্ষমতার মসনদে বসেননি। অথচ তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ রাজনৈতিক পাঠশালা থেকেই বেরিয়ে এসেছেন স্বাধীন বাংলাদেশের একাধিক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং বাম, ডান ও মধ্যপন্থি রাজনীতির নেতারা।
জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, মওলানা ভাসানী এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার শোষিত, নিপীড়িত ও নির্যাতিত জনগণের নেতা ছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ভাসানী আজীবন সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং ছিলেন আপসহীন নেতা। মাহবুব উল্লাহ বলেন, ক্ষমতার জন্য তিনি রাজনীতি করেননি; বরং ক্ষমতাকে জনগণের কাছাকাছি নিয়ে আসার জন্য লড়াই করেছেন। তিনি তাঁর কাছেই শুনেছেন, জীবনের ৩৩ বছর কারাবরণ করেছেন ভাসানী।
ইতিহাসের পরিহাস হলো, যে বটবৃক্ষের ছায়ায় এ দেশের রাজনীতির বহু নেতা পথ চলা শিখেছিলেন, সময়ের বিবর্তনে ও মতাদর্শিক টানাপোড়েনে তাঁর শিষ্যরাই ছড়িয়ে পড়েছেন বিপরীতমুখী নানা রাজনৈতিক মেরুতে। ভাসানীর রাজনৈতিক দর্শন প্রচলিত কোনো ছকে বাঁধা ছিল না। তিনি একই সঙ্গে ইসলামের ‘সাম্যবাদী’ আদর্শে—যাকে তিনি বলতেন ‘রবুবিয়াত’ বা পালনবাদ—শ্রেণিসংগ্রামে এবং সাম্রাজ্যবাদবিরোধী আপসহীন জাতীয়তাবাদে বিশ্বাস করতেন। এ ত্রিমাত্রিক দর্শনের কারণে অনুসারীরা নিজ নিজ দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাঁকে গ্রহণ করেছিলেন। কেউ তাঁর মধ্যে বাঙালি জাতীয়তাবাদের স্ফুলিঙ্গ, কেউ মাওবাদী বিপ্লবের স্বপ্ন, আবার কেউ আধিপত্যবাদবিরোধী অবস্থান খুঁজে পেয়েছেন।
বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও আবেগঘন গুরু-শিষ্য সম্পর্কগুলোর একটি ছিল শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভাসানীর সম্পর্ক, যেখানে স্নেহ ও মতাদর্শের দ্বন্দ্ব পাশাপাশি চলেছে। অনুসারীরা আজ বহুধাবিভক্ত হলেও পাঁচ দশক পরও তাঁর প্রভাব অমলিন—এমনটাই উঠে এসেছে স্মরণসংক্রান্ত আলোচনায়।