সরকারি বাসা বরাদ্দ পাওয়ার পর যাঁরা পুরো ফ্ল্যাট বা আংশিক বাসা সাবলেট হিসেবে ভাড়া দিয়েছেন, তাঁদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়াদের সরিয়ে দিয়ে নিজেরা বরাদ্দকৃত বাসায় থাকার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সরকারি আবাসন পরিদপ্তর এ কথা জানিয়েছে। নির্দেশ না মানলে বরাদ্দ বাতিল করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কয়েকজন বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি তাঁদের নামে বরাদ্দ হওয়া বাসা বা ফ্ল্যাটের এক রুম, দুই রুম কিংবা পুরোটাই অন্যকে সাবলেট বা ভাড়া দিয়েছেন। পরিদপ্তর বলছে, এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।
এ অবস্থায় সরকারি আবাসন পরিদপ্তরের অধীন কোনো বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ বা আংশিক (এক বা একাধিক রুমসহ) কোনোভাবেই সাবলেট বা ভাড়া না দিতে বরাদ্দপ্রাপ্তদের অনুরোধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সাবলেট দিয়েছেন, তাঁদের ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বা ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে সরিয়ে যথানিয়মে নিজে বরাদ্দকৃত বাসায় থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের পর কোনো বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে কারণ দর্শানো ছাড়াই বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী ওই বরাদ্দপ্রাপ্তের বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে বিধি মোতাবেক প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
বিধিমালার ১৪ (৩) বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্তের অফিস প্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের অনুরোধও করা হবে বলে জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।