বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখে ফল দেওয়া সম্ভব হচ্ছে না। রিপিট ক্যাডার জটিলতা নিরসন এবং সরকারি পদ শূন্য থাকা ঠেকাতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিজ্ঞপ্তির এক বছরের মধ্যে একটি বিসিএস শেষ করার যে ঘোষণা কমিশন দিয়েছিল, তা কিছুটা পিছিয়ে যাচ্ছে।
পিএসসি সূত্র জানায়, ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ এবং প্রার্থীদের যোগদানের হিসাব সমন্বয় না করে ৫০তম বিসিএসের ফল দিলে অন্তত ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ খালি থেকে যাওয়ার ঝুঁকি আছে।
পিএসসির একাধিক সূত্র বলছে, ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট যেকোনো সময় প্রকাশিত হতে পারে। গেজেট প্রকাশের পর প্রার্থীরা চাকরিতে যোগ দিলে প্রকৃত শূন্য পদের হিসাব পাওয়া যাবে। সেই হিসাব সমন্বয় করেই ৫০তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হবে। গেজেট প্রকাশের পরপরই দ্রুততম সময়ে ফল ঘোষণা করা হবে বলে কমিশনের সূত্রগুলো নিশ্চিত করেছে।
বিসিএস নিয়োগে ‘রিপিট ক্যাডার’ ও ‘লোয়ার ক্যাডার’ দীর্ঘদিনের সমস্যা। আগের কোনো বিসিএসে নির্দিষ্ট পদে সুপারিশ পাওয়া প্রার্থী পরবর্তী বিসিএসে আবার একই পদে বা ‘লোয়ার ক্যাডারে’ সুপারিশ পেলে নতুন পদে আর যোগ দেন না। ফলে মূল্যবান ক্যাডার পদ খালি থেকে যায়। পরিসংখ্যান অনুযায়ী প্রতিটি বিসিএসে গড়ে ২০০ থেকে ২৫০টি পদ এভাবে ফাঁকা থাকে। যেমন ৪৪তম বিসিএসের ১ হাজার ৭১০টি পদের মধ্যে প্রায় ৪০০ জনই ছিলেন রিপিট ক্যাডার।
পিএসসির সূত্রগুলো আরও বলছে, ৪৬তম বিসিএসের গেজেটের জন্য অপেক্ষা করলেও ৫০তম বিসিএসের ফল শতভাগ রিপিট ক্যাডারমুক্ত করা সম্ভব হবে না। কারণ ৪৭তম বিসিএসের চূড়ান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি এবং এর ভেরিফিকেশন শেষ হতে আরও সময় লাগবে। কমিশন কেবল ৪৬তম বিসিএসের গেজেটের জন্যই অপেক্ষা করবে; ৪৭তম বিসিএসের জন্য অপেক্ষা করলে ফল প্রকাশ আরও দীর্ঘ হবে। ঘোষিত ক্যালেন্ডার থেকে কমিশন কিছুটা সরে আসায় চাকরিপ্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ তৈরি হয়েছে।