পাবনায় একটি পূর্ণাঙ্গ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। জেলার আটঘরিয়া কৃষি মহাবিদ্যালয়কে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ৩০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে পাঠানো চিঠিতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সম্ভাব্যতা যাচাই করে সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন নয়; বাস্তবায়নের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রশাসনিক সিদ্ধান্তের একটি ধাপ মাত্র।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, নির্বাচনের সময় তিনি এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রেখেছেন। তাঁর ভাষ্য, মন্ত্রণালয়ের নির্দেশনা পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি; উদ্যোগ দ্রুত বাস্তবায়নে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
জেলায় কৃষি গবেষণা ও শিক্ষার একাধিক প্রতিষ্ঠান রয়েছে। ঈশ্বরদীতে আছে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিনার উপকেন্দ্র এবং ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)। পাবনার পৈলানপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা কার্যক্রম এবং টেবুনিয়ায় বিএডিসির বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার রয়েছে।