শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের ভাতা ৫৫ থেকে ১০০ শতাংশ বাড়ছে: সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়; নতুন হার কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকে।

সরকারি চাকরিজীবীদের পেনশন, আনুতোষিক ও অবসরউত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশ সংশোধন করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে থেকে যেসব পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী মাসিক নিট পেনশন পাচ্ছেন, তাঁদের পেনশন নির্ধারণে নতুন হার প্রযোজ্য হবে।

কার পেনশন কত বাড়বে

বর্তমানে যাঁদের মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত, তাঁদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকার মধ্যে যাঁরা পেনশন পান, তাঁদের বাড়বে ৭৫ শতাংশ। ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকার পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার ৬৫ শতাংশ এবং ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকার ক্ষেত্রে ৬০ শতাংশ। যাঁরা ৪০ হাজার ১ টাকা বা তার বেশি পেনশন পান, তাঁদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ।

সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা

নতুন নিয়মে সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা। পেনশন বৃদ্ধির পর সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা। তবে কোনো পেনশনভোগী বর্তমানে এর চেয়ে বেশি নিট পেনশন পেয়ে থাকলে ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হওয়া পর্যন্ত তিনি আগের হারেই পেনশন পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো মূল পেনশনভোগীর একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে মূল পেনশনভোগীর প্রাপ্য নিট পেনশনকে ভিত্তি ধরে তাঁদের মধ্যে আনুপাতিক হারে নিট পেনশন ভাগ করে দিতে হবে।

অবসরউত্তর ছুটিতে থাকা কর্মচারীরা

২০২৬ সালের ১ জুলাইয়ের আগে যেসব কর্মচারীর অবসরউত্তর ছুটি শুরু হয়েছে, তাঁদের নিট পেনশন ও আনুতোষিকের দাবি জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে নিষ্পত্তি হবে। অবসরউত্তর ছুটি শেষ হওয়ার পর নতুন আদেশের বিধান অনুযায়ী পেনশন ও আনুতোষিক নির্ধারণ করা হবে।

যেসব কর্মচারীর অবসরউত্তর ছুটি ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে শেষ হয়েছে এবং ১ জুলাই থেকে পেনশন কার্যকর হয়েছে, তাঁদের ক্ষেত্রেও নতুন আদেশ অনুযায়ী নিট পেনশন নির্ধারণের বিধান রাখা হয়েছে। ২০২৬ সালের ১ জুলাইয়ের পর অবসর নেওয়া কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধা নতুন আদেশের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ আছে।