চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিধিবহির্ভূতভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে দুই খুচরা সার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার নাচোল ইউনিয়নের খেসবা বাজার ও কালইর বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস খেসবা বাজারের মেসার্স সিফা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক ইসমাইল হোসেন আনোয়ারকে ১০ হাজার টাকা এবং কালইর বাজারের মেসার্স নিয়াজ ট্রেডার্সের স্বত্বাধিকারী নিয়াজকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম উপস্থিত ছিলেন।
সলেহ আকরাম জানান, কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে কোনোভাবেই অবৈধভাবে মজুদ বা কালোবাজারে বিক্রি না হয়, সে জন্য উপজেলা প্রশাসন তদারকি জোরদার করেছে। কোথাও অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।