নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধারের পাশাপাশি এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মোস্তফা আলী (৩৪)। তিনি একই গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে। বিজিবির হিসাবে উদ্ধার করা মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
নওগাঁ ১৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদে তাঁরা জানতে পারেন, চক রাজবল্লভ এলাকায় একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোস্তফা আলীর কাছ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার করা শিবলিঙ্গ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মূর্তিটি কোথায় পাচার করা হচ্ছিল বা এর পেছনে আর কেউ জড়িত আছেন কি না, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।