রাজশাহীর তানোর উপজেলায় সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সাংগঠনিক সম্পাদক পলাশ আলীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার পলাশ আলীর বাড়ি তানোর উপজেলার প্রাণপুর গ্রামে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। সেখানে তাঁর সহকর্মী ছিলেন ২৭ বছর বয়সী এক তরুণী। ওই তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ আলী তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করলে আদালত অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
অভিযোগের বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোর উপজেলা কমিটির বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। বিষয়টি জানার পর স্থানীয় দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। তাঁরা প্রকৃত ঘটনা জানালে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে এনসিপির তানোর উপজেলা শাখার সেক্রেটারি মোরশেদ আলী দাবি করেন, সংগঠনে যোগ দেওয়ার আগে পলাশ আলী ওই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানকার পূর্ববর্তী কোনো বিরোধের জের ধরে তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। এটিকে মিথ্যা মামলা দাবি করে তাঁরা এর প্রতিবাদ করবেন বলেও জানান তিনি।