যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনেসোটার ডেমোক্রেটিক দলীয় কংগ্রেস সদস্য ইলহান ওমরের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন। তাঁর অভিযোগ, ওমর ‘ভুয়া নাম’ ব্যবহার করে শপথ নিয়েছেন। ওমরের কার্যালয় এ অভিযোগ অস্বীকার করেছে। টিআরটি ওয়ার্ল্ড ও আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য রয়েছে।
টিআরটির বরাতে জানা যায়, ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আদালতে দাখিল করা একটি নথিতে ওমরের ওয়াশিংটনের বাসায় ফেডারেল তল্লাশির সঙ্গে সম্পর্কিত বিষয়ে তাঁকে ‘ইলহান নুর সাইদ এলমি, ওরফে ইলহান আবদুল্লাহি ওমর’ হিসেবে উল্লেখ করা হয়। আরব নিউজ জানিয়েছে, ইউএস অ্যাটর্নি জেনিন পিরোর কার্যালয়ের দাখিল করা এ নথি তল্লাশি-সংক্রান্ত উপকরণ গোপন রাখার প্রচেষ্টার অংশ। কেন বিকল্প নাম ব্যবহার করা হয়েছে, তা প্রসিকিউটররা ব্যাখ্যা করেননি এবং নথিতে প্রতারণার প্রমাণ দেওয়া হয়নি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ভুয়া নামে শপথ নেওয়ায় তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে আমি ধরে নিচ্ছি’। তিনি দাবি করেন, ওমরের আসল নাম ইলহান নুর সাইদ এলমি এবং তিনি ‘প্রতারণা স্বীকার’ করেছেন। টিআরটি লিখেছে, ওমর এমন কোনো স্বীকারোক্তি দেননি এবং কোনো আদালত তিনি ভুয়া পরিচয় ব্যবহার করেছেন বলে প্রতিষ্ঠিত করেনি। ফক্স নিউজকে ওমরের মুখপাত্র বলেছেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা। ইলহান ওমরই তাঁর আসল নাম।’
আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল তদন্তে খতিয়ে দেখা হচ্ছে ওমর কীভাবে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন এবং তিনি বা তাঁর প্রয়াত পিতা অভিবাসন নথিতে বয়স সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন কি না। ১২ অক্টোবর ফেডারেল এজেন্টরা তাঁর ওয়াশিংটনের বাসায় তল্লাশি চালিয়ে ফোন, কম্পিউটার ও পাসপোর্টসহ নথি জব্দ করেন। ৩ নভেম্বর মার্কিন মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্পের অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।