শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

তাহেরপুর ও গোদাগাড়ী মহিলা কলেজসহ রাজশাহী অঞ্চলের চার কলেজ সরকারিকরণের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শনের নির্দেশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১১ নভেম্বরের চিঠিতে রাজশাহীর বাগমারার তাহেরপুর কলেজ ও গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজসহ চারটি প্রতিষ্ঠান সরেজমিন দেখার কথা বলা হয়েছে।

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর ডিগ্রি কলেজ ও গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজসহ রাজশাহী অঞ্চলের চারটি বেসরকারি কলেজ সরকারি করা যায় কি না, তা যাচাইয়ে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে এলাকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১১ নভেম্বর ইস্যু করা চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে সরকারিকরণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রাজশাহী অঞ্চলের চারটি কলেজের নাম উল্লেখ করা হয়েছে। এগুলো হলো বাগমারার তাহেরপুর কলেজ, রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ, নওগাঁর আত্রাই মহিলা ডিগ্রি কলেজ এবং বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট ডিগ্রি কলেজ।

চিঠি অনুযায়ী, কলেজগুলো সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করতে হবে এবং সংযুক্ত ছক অনুযায়ী প্রতিবেদন জমা দিতে হবে। এ দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে।

তাহেরপুর কলেজ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় অবস্থিত। ১৯৬৭ সালে ঐতিহাসিক তাহেরপুরে রাজা কংস নারায়ণের প্রাচীরবেষ্টিত রাজপ্রাসাদে কলেজটির যাত্রা শুরু হয়। স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান বাগমারা ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছে।

তাহেরপুর ও আশপাশের এলাকার বাসিন্দারা বলছেন, সরকারি হলে এ অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়বে এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য পড়াশোনা সহজ হবে। কলেজটির সরকারিকরণের উদ্যোগে ভূমিকা রাখায় পরিচালনা পরিষদের সভাপতি আ ন ম সামসুর রহমান মিন্টুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

তবে সরেজমিন পরিদর্শনের নির্দেশকে সরকারিকরণের চূড়ান্ত ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। এটি সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়ার একটি ধাপ। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।