দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত শাখা ও কার্যালয়গুলোর অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তার কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এর ফলে গ্রামীণ পর্যায়ে ঋণ বিতরণ ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে বোরো মৌসুমের কৃষিঋণ কার্যক্রম চলছে; কিন্তু বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ সেবা নিতে পারছেন না। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের ঋণ নেওয়ার ক্ষেত্রেও সদস্যরা সমস্যায় পড়ছেন।
বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, এতে গ্রামীণ অর্থনীতির পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকের সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব ঘটনার নেতিবাচক প্রভাব আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংকিং সেবা পাওয়ার ওপরও পড়তে পারে।
বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংকের পরিধিও তুলে ধরা হয়েছে। ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে ব্যাংকটি কার্যক্রম চালায়; এর বাইরে ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিস আছে। সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি, কার্যক্রম ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত। মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানত প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা।
ব্যাংকটির মালিকানার ৯০ শতাংশ ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের হাতে, বাকি ১০ শতাংশ সরকারের।