শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আবার হামলা হলে যুদ্ধ আরও বিস্তৃত এলাকায় ছড়াবে: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনী ও পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার আলাদা বার্তায় বলেছেন, নতুন হামলা হলে তেহরান কোনো সীমারেখা মানবে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আবার হামলা চালালে যুদ্ধ আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী। শনিবার (৩১ অক্টোবর) আলাদা বার্তায় তাঁরা এই সতর্কবার্তা দেন।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক্সে দেওয়া পোস্টে বলেন, ইসরায়েলের চাপ ও প্ররোচনায় পড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আবারও এই অঞ্চলে সামরিক দুঃসাহসিকতা দেখান, তাহলে যুদ্ধের আগুন নিঃসন্দেহে আরও বিস্তৃত ভৌগোলিক এলাকায় ছড়িয়ে পড়বে। তিনি আরও বলেন, এই সংঘাতের সমাপ্তি ট্রাম্পের হাতে থাকবে না। কূটনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অতীত ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, মার্কিন কূটনৈতিক উদ্যোগের সঙ্গে বিশ্বাসঘাতকতার নজির আছে; এ কারণে ইরানের সেনাবাহিনী যুদ্ধপ্রস্তুতি বাড়াচ্ছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার ওপর নিবিড় নজর রাখছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে দেওয়া পোস্টে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সাম্প্রতিক বক্তব্যের জবাব দেন। দক্ষিণ কোরিয়া সফর শেষে শুক্রবার মের্ৎস বলেছিলেন, সামরিক শক্তি দিয়ে এই যুদ্ধের সমাধান সম্ভব নয়। তিনি সংঘাতের সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে আসার আহ্বান জানান এবং বলেন, যুদ্ধ বন্ধে জার্মানি কূটনৈতিক তৎপরতা জোরদার করছে।

আরাগচি লেখেন, গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানে বোমা হামলা শুরু করেছিল, তখন মের্ৎস তা স্বাগত জানিয়েছিলেন। এ সংঘাতে ইউরোপের অর্থনৈতিক ক্ষতি হয়েছে ১০ হাজার কোটি ইউরোর বেশি বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, ইরানের জনগণের ক্ষতি করার সাহস দেখালে দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী যে আঘাত হানবে, তার তুলনায় সেই ক্ষতি কিছুই নয়। তিনি বলেন, ‘লাল রেখা এখন অতীতের বিষয়।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়ায় এবং জবাবে ইরানও ওই অঞ্চলে পাল্টা হামলা চালায়। জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ও হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে বিরোধ এখনো মেটেনি।