বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় গুলিতে এক কিশোর নিহত হওয়ার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্ত সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান এবং পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া মামলার অন্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, অজ্ঞাতপরিচয় আসামিদের পরিচয় জানা এবং তাঁকে যাঁরা আশ্রয় দিয়েছিলেন, তাঁদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্যও রিমান্ড দরকার বলে উল্লেখ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে আন্দোলন চলাকালে গুলিতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়। নিহত কিশোরের বাবা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের আসামি করে এ মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা সাঈদ খোকনকে আজ সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ৫৬ বছর বয়সী সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। তিনি ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
বিকেল সাড়ে পাঁচটার দিকে ডিবির একটি গাড়িতে করে তাঁকে আদালত প্রাঙ্গণে আনা হয়। এর আগেই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সিএমএম আদালত এলাকায় জড়ো হয়ে স্লোগান দেন। তাঁর গাড়ির পেছনে বিক্ষোভ মিছিল নিয়েও তাঁরা ছুটে যান। এ মামলায় তিনি অভিযুক্ত মাত্র; অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।