শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ইজতেমা থেকে ফেরার পথে রংপুরে ট্রাকের মাঝে পড়ে বেরোবি শিক্ষার্থী আফিক হাসান অভির মৃত্যু

রংপুর নগরীর দর্শনা মোড়ে শনিবার দুপুরে দুই ট্রাকের মাঝখানে পড়ে মোটরসাইকেলে থাকা বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু হয়; একটি ট্রাক আটক করেছে পুলিশ।

রংপুরে আঞ্চলিক ইজতেমার আখেরি মোনাজাত শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আফিক হাসান অভি। শনিবার দুপুর ১২টার দিকে রংপুর নগরীর দর্শনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

অভি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৬তম ব্যাচের ছাত্র। বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর দর্শনা মোড়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ির সামনে দুটি ট্রাকের মাঝখানে পড়ে তিনি দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসমাঈল হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, তিনি তখন হাসপাতালের জরুরি বিভাগে ছিলেন এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে লাশ নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, একটি ট্রাক আটক করা হয়েছে এবং সেটি থানায় রয়েছে।

তাজহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। চালককে আটক করতে কাজ চলছে।

অভির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থী লেখেন, বিভাগ আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন ছিল অটুট।