রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে ১ কোটি ৬২ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি

সীমান্ত থেকে চার কিলোমিটার ভেতরে শুক্রবার রাতের অভিযানে একটি যানবাহনসহ চোরাচালানের মালামাল জব্দ হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে এক কোটি ৬২ লাখ টাকা মূল্যের চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মালামাল পরিবহনে ব্যবহৃত একটি যানবাহনও জব্দ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ১০ বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১১টার দিকে চৌদ্দগ্রামের শিবেরবাজার বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে নামে।

সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে চৌয়ারা নামক স্থানে অভিযান চালিয়ে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ চোরাচালানের মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালানের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।