শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

স্টার্টআপ স্যান্ডবক্সের সুবিধা পেতে এনবিআরে নিবন্ধন বাধ্যতামূলক, আবেদনের ৬০ দিনে সনদ

জাতীয় রাজস্ব বোর্ড এক নির্দেশনায় স্টার্টআপ স্যান্ডবক্স নিবন্ধনের আবেদন প্রক্রিয়া, সনদ দেওয়ার সময়সীমা ও বাতিলের পদ্ধতি স্পষ্ট করেছে।

স্টার্টআপ স্যান্ডবক্সের কর সুবিধা পেতে হলে এখন থেকে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নিবন্ধিত হতে হবে। ‘স্টার্টআপ স্যান্ডবক্স’-সংক্রান্ত বিধানের কার্যকর বাস্তবায়ন ও কর পরিপালন নিশ্চিত করতে এনবিআর একটি বিস্তারিত নির্দেশনা জারি করেছে। অর্থাৎ নিবন্ধন ছাড়া এ সুবিধা পাওয়ার সুযোগ থাকছে না।

গত বুধবার কর নীতি উইং থেকে প্রকাশিত এই নির্দেশনায় নিবন্ধনের বাধ্যবাধকতা, আবেদনের প্রক্রিয়া, সনদ দেওয়ার সময়সীমা এবং নিবন্ধন বাতিলের পদ্ধতি স্পষ্ট করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবের স্বাক্ষরে এটি জারি হয়। নির্দেশনার উদ্দেশ্য আয়কর আইন, ২০২৩-এর অষ্টম তফসিলের অংশ ২-এ উল্লিখিত স্যান্ডবক্স-সংক্রান্ত বিধানের সুনির্দিষ্ট প্রয়োগ নিশ্চিত করা।

নির্দেশনা অনুযায়ী, স্টার্টআপ কোম্পানিকে এনবিআরের সদস্য (কর আপিল ও অব্যাহতি) বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে তিনটি বিষয় জমা দিতে হবে। প্রথমত, কোম্পানির আইনি অস্তিত্বের প্রমাণ হিসেবে নিবন্ধক কার্যালয়ের ইনকরপোরেশন সনদ ও সংঘস্মারক। দ্বিতীয়ত, প্রতিষ্ঠানের কার্যক্রম কীভাবে স্টার্টআপের সংজ্ঞায় পড়ে, তার বিবরণ। তৃতীয়ত, স্টার্টআপে ব্যবহৃত ইআরপি, অ্যাকাউন্টিং সফটওয়্যারসহ মূল ডিজিটাল ব্যবস্থা কিংবা হিসাবের খতিয়ানে আয়কর কর্তৃপক্ষকে ‘পাঠযোগ্য’ প্রবেশাধিকার দেওয়ার সম্মতিপত্র।

তৃতীয় শর্তটির মাধ্যমে কর কর্তৃপক্ষ স্টার্টআপের আর্থিক তথ্য সরাসরি যাচাই করতে পারবে। তবে প্রবেশাধিকার শুধু তথ্য দেখার জন্য, তথ্য পরিবর্তনের সুযোগ থাকবে না।

আবেদন পাওয়ার ৬০ দিনের মধ্যে যাচাই-বাছাই শেষ করে এনবিআর ‘স্টার্টআপ স্যান্ডবক্স নিবন্ধন সনদ’ দেবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না জানালে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে। এতে আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে উদ্যোক্তাদের ভোগান্তি কমার সম্ভাবনা রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, উপযুক্ত কারণ দেখিয়ে এবং যুক্তিসংগত শুনানির সুযোগ দিয়ে এনবিআর যেকোনো স্টার্টআপের স্যান্ডবক্স নিবন্ধন বাতিল করতে পারবে। ভুল তথ্য দেওয়া কিংবা ডিজিটাল প্রবেশাধিকারে বাধা সৃষ্টির প্রমাণ মিললে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।