শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি যুক্ত করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিল্প-একাডেমিয়া সম্মেলনে অধ্যাপক মামুন আহমেদ বলেন, অনেক শিক্ষার্থী ডিগ্রি নিয়েও কর্মক্ষেত্রের দক্ষতা নিয়ে বের হতে পারছেন না।

বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন, পরিমার্জন ও গবেষণাকর্মে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞতা শ্রেণিকক্ষে তুলে ধরা এবং শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর ভাষ্য, উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাঁদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষকরা শিল্পকারখানা পরিদর্শন করে সেখানকার কাজের ধরন ও সমস্যা বুঝবেন—এ বিষয়েও গুরুত্ব দেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই। অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে।

শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ওষুধ, বস্ত্র ও টেলিযোগাযোগ খাতের অনেক প্রতিষ্ঠান সফটওয়্যার, প্রযুক্তি ও যন্ত্রপাতির জন্য বিদেশের ওপর নির্ভরশীল। উৎপাদন বা রাসায়নিক প্রক্রিয়ায় সমস্যা দেখা দিলেও বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়; এমনকি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের জন্য মাইক্রোপিপেটের টিপসের মতো সামগ্রীও আমদানি করতে হয়। এসব সমস্যা সমাধানে দেশের গবেষকদের সক্ষমতা কাজে লাগানো প্রয়োজন বলে মনে করেন ইউজিসি চেয়ারম্যান। তিনি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরির আহ্বানও জানান।