মো: ইসমাঈল হোসেন, রাজশাহী | ৫ আগস্ট ২০২৫
৫ আগস্ট সোমবার সকালে গোদাগাড়ী পৌরসভা, গোদাগাড়ী উপজেলা ও কাঁকনহাট পৌরসভার আয়োজনে এক বিশাল বিজয় র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির নমিনেশন প্রার্থী, মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
বিজয় র্যালিটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক মনোজ্ঞ জনসমাবেশে পরিণত হয়। র্যালিতে অংশ নেয় বিএনপির নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
এদিন বিকেলে পাশের তানোর উপজেলা থেকেও বের করা হয় পৃথক এক বিজয় মিছিল। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তাঁর উপস্থিতিতে তানোরেও দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
মেজর জেনারেল (অব)শরীফ উদ্দিন বলেন, “জুলাই-আগস্ট মাস শুধু একটি ক্যালেন্ডার সময় নয়, এটি একটি চেতনার সময়। এই মাসেই শুরু হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে গণজাগরণ ও সংগ্রামের নতুন অধ্যায়। বিএনপির নেতৃত্বে সেই গণতান্ত্রিক আন্দোলনই আজ আবার নবজন্ম নিচ্ছে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াই এখন আর থেমে থাকবে না। ধানের শীষের বিজয়ের পতাকা এই জনপদের ঘরে ঘরে পৌঁছাবে ইনশাআল্লাহ।”