নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লোকালয়ে চলে আসা বিশাল আকৃতির কুমিরটি অবশেষে দুই মাস পর উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিরপাড় এলাকার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়। চিকিৎসা ও সংরক্ষণের জন্য কুমিরটি গাজীপুরের সাফারি পার্কে নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, গত সোমবার (১৬ নভেম্বর) ওই পুকুরে তাঁরা কুমিরটি দেখতে পান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। বিষয়টি উপজেলা প্রশাসন ও বন বিভাগের নজরে এলে উদ্ধার অভিযান শুরু হয়। টানা তিন দিনের চেষ্টার পর বৃহস্পতিবার কয়েক দফায় জাল ফেলে কুমিরটি ধরতে সক্ষম হন বন বিভাগের উদ্ধারকারী দলের সদস্যরা।
মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব হোসেন বলেন, সোমবার পুকুরে বিশাল আকৃতির কুমির দেখার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানান।
বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, এটি একটি মিঠাপানির কুমির। পাশের নদী দিয়েই সম্ভবত এটি এখানে এসেছে। তিনি জানান, কুমিরটিকে সাফারি পার্কে নিয়ে চিকিৎসা দিয়ে সংরক্ষণ করা হবে। প্রাণী বিশেষজ্ঞেরা যখন উপযুক্ত মনে করবেন, তখন এটিকে উন্মুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সে সময় ঢাকা থেকে বন্যপ্রাণী উদ্ধারকারী দল এসে জাল ফেলেও কুমিরটির অবস্থান শনাক্ত করতে না পারায় অভিযান সফল হয়নি।