রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

নয় মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৯, ধর্ষণের শিকার ৬১৭ নারী ও শিশু: অধিকারের প্রতিবেদন

মানবাধিকার সংগঠন অধিকারের হিসাবে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতার ২ হাজার ৯০১টি ঘটনা ঘটেছে।

চলতি বছরের প্রথম নয় মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ২ হাজার ৯০১টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। সংগঠনটির প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় ১০৯ জন নিহত ও ২ হাজার ৭৯২ জন আহত হয়েছেন।

শনিবার প্রকাশিত জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মানবাধিকার পরিস্থিতির প্রতিবেদনে অধিকার আরও জানায়, এই সময়ে নির্বাচনী সহিংসতার ১ হাজার ৩৮১টি ঘটনায় ১৩ জন নিহত ও ১ হাজার ৩৬৮ জন আহত হয়েছেন। গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন ৭৪ জন; এর মধ্যে মে মাসে সর্বোচ্চ ১৩ জন এবং জুনে ১২ জন মারা গেছেন।

সংগঠনটির হিসাবে ধর্ষণের শিকার হয়েছেন ৬১৭ জন নারী ও শিশু। এর মধ্যে ৩৮৮ জন ১৮ বছরের কম বয়সী শিশু এবং ২২৭ জন প্রাপ্তবয়স্ক নারী; বাকি দুজনের বয়স জানা যায়নি। যৌতুকের কারণে নির্যাতনে ২২ নারী নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়।

সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ১৬৯টি ঘটনা নথিভুক্ত করেছে অধিকার। এর মধ্যে ৬৫টি ঘটনায় সাংবাদিকেরা আহত হয়েছেন। দেশের ৭৫টি কারাগারের ধারণক্ষমতা ৪৩ হাজার ১৫৭ জন হলেও গত ১৩ সেপ্টেম্বর বন্দী ছিলেন ১ লাখ ৫ হাজার ১০২ জন, অর্থাৎ ধারণক্ষমতার আড়াই গুণের বেশি। নয় মাসে কারাগারে ৬৭ জনের মৃত্যু হয়েছে।

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে এই সময়ে ১১ বাংলাদেশি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর, এই তিন মাসে নিহত হয়েছেন চারজন এবং আহত ছয়জন। একই সময়ে ভারত থেকে ২৯ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করা হয়েছে বলেও অধিকারের ত্রৈমাসিক প্রতিবেদনে অভিযোগ করা হয়।

অধিকার নতুন আইনকাঠামো নিয়েও উদ্বেগ জানিয়েছে। সংগঠনটির মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের দায়িত্ব অন্য বাহিনী বা আন্তবাহিনী তদন্ত দলকে দেওয়ার বিধান থাকায় নিরপেক্ষ তদন্ত নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এসব তথ্য ও মূল্যায়ন অধিকারের নিজস্ব সংগৃহীত তথ্যভিত্তিক।