কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় বাজারে ডাকাত আতঙ্কে বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে। পাহাড়ি জনপদের মাঝে থাকা শত বছরের পুরোনো এই বাজারে প্রতি শুক্র ও সোমবার হাট বসে। ব্যবসায়ীদের হিসাবে, শুক্রবারের হাটে বাজারের ৪০০ দোকানে প্রায় চার কোটি টাকার বেচাকেনা হতো। সম্প্রতি ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে গণডাকাতির ঘটনার পর তা কমে গেছে।
ঈদগড় বাজার কমিটির সভাপতি নুরুল হুদা বলেন, গত শুক্রবারের হাটে পণ্য বিক্রি হয়েছে দুই কোটি টাকার মতো। স্থানীয়দের তথ্য অনুযায়ী, ১৯ অক্টোবর সকাল ও বিকেলে দুই দফায় ওই সড়কে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে ৫০ থেকে ৬০টি যানবাহন, যার বেশির ভাগই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। শতাধিক যাত্রীর কাছ থেকে টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট হয়। ভুক্তভোগীদের দাবি, কয়েক ঘণ্টা ধরে লুটপাট চললেও ঘটনাস্থলে পুলিশের টহল ছিল না।
ঈদগড় বাজার মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার পাইকারদেরও প্রধান বাণিজ্যিক কেন্দ্র। ডাকাত আতঙ্কে তাঁদের বেশির ভাগই এখন বাজারে আসছেন না। সড়কে পুলিশের টহল বাড়লেও স্থানীয়দের আতঙ্ক কমেনি। গত শুক্রবার দুপুরে বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজিতে ভরপুর থাকলেও ক্রেতা ছিল কম। ব্যবসায়ীরা জানান, আগে সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকা বাজার এখন বেলা তিনটার আগেই অনেকটা ফাঁকা হয়ে যায়।
গর্জনিয়া ইউনিয়নের কৃষক তারেক ৪০ শতক জমিতে আগাম মুলা চাষ করেছেন। শুক্রবার সকালে দুই মণ মুলা তুলে বাজারে আনলেও বিকেল চারটা পর্যন্ত বিক্রি করতে পেরেছেন মাত্র ২০ কেজি। কয়েক দিন আগে প্রতি কেজি মুলা ৫০ টাকায় বিক্রি হলেও ক্রেতা না থাকায় তাঁকে ২০ টাকায় বেচতে হয়েছে। মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, তিন মণ পাঙাশ, তেলাপিয়া ও রুই মাছের মধ্যে দুপুর দুইটা পর্যন্ত বিক্রি হয়েছে এক মণ; বাকি মাছ পচে যাওয়ার আশঙ্কায় লোকসানে ছেড়ে দিতে হয়েছে। বাজারের একটি অটো রাইস মিলের মালিক আবুল কাশেম বলেন, আগে প্রতি শুক্রবার তাঁর মিল থেকে অন্তত ১০০ বস্তা চাল বিক্রি হতো, গত শুক্রবার বিক্রি হয়েছে মাত্র চার বস্তা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কে ১৭ বছর ধরে একাধিক ডাকাত দলের তৎপরতা রয়েছে; অপহরণ, ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটছে। ঈদগড়, গর্জনিয়া ও বাইশারীতে অন্তত এক হাজার একর জমিতে ধান, শাকসবজি ও কলার চাষ আছে। বাইশারীতে ৪৫টির বেশি রাবার বাগানের উৎপাদিত রাবার বিক্রি না হওয়ায় প্রতিদিন কোটি টাকার রাবার জমে থাকছে বলে জানা গেছে।