কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশালমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আলমের মাথা ফেটে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনটির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশালমিছিল বের করা হলে সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গোদারবিল থেকে বের হওয়া মিছিলে দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি টেকনাফ পৌরশহরের দিকে যাচ্ছে—এমন খবরে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ও বিজিবির সদস্যরা বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে এসআই জাফর আলম মাথায় গুরুতর আঘাত পান। ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অহিদুর রহমান জানান, রাতে আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনা হলে তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। মাথায় একাধিক সেলাই করতে হয়েছে।
ঘটনায় আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসা চলছে।