ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রুহিয়া পোস্ট অফিস এলাকায় এ বিস্ফোরণ হয়।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে পোস্ট অফিস এলাকায় হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে।
ওসি মিলাদুন নবী জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের একাধিক জেলায় বাস ও যানবাহনে অগ্নিসংযোগ, রেললাইনে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। রুহিয়ার ঘটনায় কারা জড়িত এবং বিস্ফোরণের উদ্দেশ্য কী ছিল, তা পুলিশের পক্ষ থেকে এখনো জানানো হয়নি।