শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের মা-মেয়েসহ তিনজন নিহত, আহত ৫

বোদা-দেবীগঞ্জ সড়কে শুক্রবার বিকেলে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক; রাতে হাসপাতালে মারা যান তিনজন।

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের (তিন চাকার যান) তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মা ও তাঁর আট বছর বয়সী মেয়ে রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের কৈকিল্লা দীঘি এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, থ্রি-হুইলারটি সাকোয়া বাজার এলাকা থেকে যাত্রী নিয়ে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে সেটিকে ধাক্কা দিলে যানটি দুমড়েমুচড়ে যায় এবং আটজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাতজনের অবস্থার অবনতি হলে তাঁদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে মাহমুদা খানম ও তাঁর মেয়ে আল আকসা সম্প্রীতির অবস্থা আশঙ্কাজনক হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা-মেয়ের মৃত্যু হয়।

এর কিছুক্ষণ পরেই ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে মারা যান প্রমীলা রানী (৩০)। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খেলারাম এলাকার বাসিন্দা ও একটি ক্লিনিকের কর্মী ছিলেন। নিহত মাহমুদা খানমের বয়স ৩৫ বছর; তিনি পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ থ্রি-হুইলারের তিনজন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত বাকি পাঁচজন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।