রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
ডিবি জানায়, গ্রেপ্তার তিনজন হলেন ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ (২৭), আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং যুবলীগের নেত্রী মেঘলা মিলি (৪১)। পুলিশের ভাষ্য, মঙ্গলবার রাত ১১টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে মামুনকে ধরা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মিরপুর থেকে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়।
শফিকুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তথ্য আসে। নিষিদ্ধ একটি সংগঠনের এক নেতার ছড়িয়ে পড়া অডিও ধরে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। ওই অডিওতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতা ও অরাজকতার পরিকল্পনা নিয়ে আলোচনা ছিল।
ডিবির তথ্য অনুযায়ী, মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে গানপাউডার সংগ্রহ করেন মামুন। সেগুলো ঢাকায় এনে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলির কাছে হস্তান্তরের কথা ছিল। পুরো প্রক্রিয়া হোয়াটসঅ্যাপে সমন্বয় করছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা বলে জানান ডিবির কর্মকর্তা।
ডিবি আরও জানায়, গানপাউডারে আগুন ধরিয়ে এর কার্যকারিতা পরীক্ষার ভিডিও পাওয়া গেছে। মামুনের মুঠোফোন থেকে গানপাউডার কোথায় কোথায় বিতরণ করা হবে, সে বিষয়ে কথোপকথনের কিছু ভয়েস রেকর্ডও উদ্ধার হয়েছে। অভিযোগগুলো তদন্তাধীন; গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে দোষী প্রমাণিত হননি।