দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য পদ তিন হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ হাজার ৩৩৩টি।
বুধবার জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের শূন্য পদ পূরণে শূন্য পদের তালিকা তৈরি করে সরকারি কর্ম কমিশনে প্রস্তাব পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নিয়োগ দ্রুত সম্পন্ন হলে শিক্ষক সংকটের কারণে ব্যাহত পাঠদান স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্রও তুলে ধরেন মন্ত্রী। তাঁর তথ্য অনুযায়ী, অনুমোদিত ২৬ হাজার ৬৮১টি শিক্ষক পদের মধ্যে ১১ হাজার ৯৮৪টি পূরণ হয়েছে; বর্তমানে শূন্য আছে ১৪ হাজার ৬৯৭টি পদ। মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত দুই লাখ ৫০ হাজার ৩০৮টি পদের বিপরীতে কর্মরত আছেন এক লাখ ৪৮ হাজার ৪৩৫ জন, ফলে এক লাখ এক হাজার ৮৭৩টি পদ শূন্য রয়েছে।