সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ঈশ্বরদীতে মুরগি চুরি ঠেকাতে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে খামারশ্রমিকের মৃত্যু, মালিক পলাতক

পাবনার ঈশ্বরদীর নওদাপাড়ায় পোল্ট্রি খামারের চারপাশে বিছানো অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে হাফেজ আলামিন (৩০) নামে এক শ্রমিক মারা গেছেন।

পাবনার ঈশ্বরদীতে একটি পোল্ট্রি খামারে মুরগি চুরি ঠেকাতে চারপাশে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে হাফেজ আলামিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে। তিনি ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খাদেম ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সজীব হোসেন নওদাপাড়া এলাকায় একটি পোল্ট্রি খামার ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন। খামারে মুরগি চুরি ঠেকাতে তিনি চারপাশে বিদ্যুতের অরক্ষিত তার বিছিয়ে রেখেছিলেন বলে অভিযোগ উঠেছে। খামারের শ্রমিক আলামিন এ বিষয়ে জানতেন না বলে জানান স্থানীয়রা।

প্রতিদিনের মতো সোমবার ফজরের নামাজ পড়ে আলামিন খামারে কাজে যোগ দেন। এ সময় শেডের চারপাশে বিছিয়ে রাখা বিদ্যুতের তারে অসাবধানে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং আলামিনের লাশ উদ্ধার করেন।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, খামারমালিক সজীব হোসেনের বিরুদ্ধে নিরাপত্তাহীন পরিবেশে বিদ্যুতের তার বিছিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক এবং তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।