সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

এইচ-১বি ভিসা ফি ১ লাখ ডলার: বিদ্যমান ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়

শুধুমাত্র নতুন আবেদনকারীদের প্রতি পিটিশনে ফি ধার্য, বার্ষিক নয় বলে স্পষ্ট করলো হোয়াইট হাউস

এইচ-১বি ভিসা ফি ১ লাখ ডলার: বিদ্যমান ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়
ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসার নতুন নীতিমালা নিয়ে তৈরি হওয়া উদ্বেগ প্রশমিত করতে হোয়াইট হাউস জানিয়েছে, ১ লাখ ডলার ফি শুধুমাত্র নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, বিদ্যমান ভিসাধারীদের ওপর কোনো প্রভাব পড়বে না।

যুক্তরাষ্ট্র সরকার তাদের নতুন এইচ-১বি ভিসা নীতিমালা সম্পর্কে স্পষ্ট করলো। নতুন নিয়ম অনুযায়ী, দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি ধার্য করা হলেও এটি কেবল নতুন আবেদনকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বিদ্যমান ভিসাধারীদের জন্য কিংবা নবায়নের ক্ষেত্রে এই ফি নেওয়া হবে না।

শনিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এ ঘোষণা দেন। তিনি বলেন, “এটি কোনো বার্ষিক ফি নয়। এটি শুধুমাত্র পিটিশনের ক্ষেত্রে এককালীন ফি। যারা ইতোমধ্যেই এইচ-১বি ভিসা হাতে পেয়েছেন বা বিদেশে অবস্থান করছেন, তাদের যুক্তরাষ্ট্রে ফেরার সময় কোনো অতিরিক্ত অর্থ দিতে হবে না।”

এর আগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের এক মন্তব্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তিনি বলেছিলেন, এই ফি প্রতিবছর নবায়ন করতে হবে এবং নতুন ও পুরোনো উভয় ভিসাধারীদের ওপরই প্রযোজ্য হবে। তার বক্তব্যের পর আমাজন, মাইক্রোসফট, মেটা ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের কর্মীদের সতর্ক করে দেয় বিদেশ ভ্রমণ না করতে কিংবা দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসতে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এটি রবিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে কার্যকর হওয়ার কথা। তবে আদেশটির মেয়াদ এক বছরের জন্য, প্রয়োজনে তা বাড়ানোও হতে পারে।

এইচ-১বি ভিসা মূলত বিজ্ঞানী, প্রকৌশলী, কম্পিউটার প্রোগ্রামারের মতো বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য। ভারতীয় নাগরিকরা প্রতি বছর প্রায় তিন-চতুর্থাংশ ভিসা পান। নতুন ফি নীতিমালায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে তাদের ওপর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ নীতিমালা ভারতীয় শিল্প ও পরিবারগুলোর ওপর মানবিক প্রভাব ফেলতে পারে। একই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সও।

নতুন নীতির কারণে হঠাৎ অনেক কর্মী ভিসা হারানোর আশঙ্কায় বিদেশ ভ্রমণ বাতিল করেছেন বা যুক্তরাষ্ট্রে দ্রুত ফিরে এসেছেন। কেউ কেউ বিমানেও উঠে আবার নেমে গেছেন ফের দেশে ফেরার আশঙ্কায়।

ইমিগ্রেশন আইনজীবী অ্যালেন অর বলেন, “এটি ব্যাপক বিভ্রান্তি তৈরি করেছে। অনেক কর্মীর কাজ শুরুর তারিখ পিছিয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, এমনকি ফ্লাইট ও বাসস্থানের খরচ নষ্ট হয়েছে।” তিনি সতর্ক করে দেন, “যদি আগামী বছরও এই নীতি বহাল থাকে, তাহলে ১ লাখ ডলার ফি কার্যত অনেক প্রতিভাবান কর্মীকে যুক্তরাষ্ট্রের বাইরে আটকে দেবে।”