বরিশালে কীর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন আজ বুধবার সকালে ভেঙে পাশের দুটি জাহাজের ওপর পড়েছে। এতে জাহাজ দুটির ছাদ ও ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ হতাহত হননি।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে সকালে ক্রেন পরিচালনার কাজ চলছিল। কাজ শুরুর পাঁচ সেকেন্ডের মধ্যে ক্রেনের কাঠামোর একটি অংশ ভেঙে যায় এবং বিশাল ক্রেনটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে পাশের জাহাজ দুটির ওপর আছড়ে পড়ে।
‘নির্ভীক’-এর মাস্টার মো. আলমগীর বলেন, প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও কাজ চলছিল। ক্রেনটি ধীরে ধীরে নিচে নামানোর সময় হঠাৎ কীভাবে কারিগরি ত্রুটি দেখা দিল, তা তাঁদেরও জানা নেই। ঘটনার সময় জাহাজের এক কর্মী আতঙ্কে জ্ঞান হারান, তিনি এখন সুস্থ আছেন। ক্রেনের অপারেটর ইউনুস মিয়াও আতঙ্কে জ্ঞান হারিয়েছিলেন বলে জানা গেছে।
ক্রেনের বিশাল কাঠামো জাহাজ দুটির ওপর আটকে থাকায় সেটি সরানো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আবদুল্লাহ আল বাক্কী জানান, নারায়ণগঞ্জ থেকে আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।
বিআইডব্লিউটিএর উদ্ধারকারী নৌযানের বহরে এখন চারটি জাহাজ আছে। এর মধ্যে ‘হামজা’ ১৯৬৪ সালে এবং ‘রুস্তম’ ১৯৮৩ সালে সংগ্রহ করা হয়; এগুলোর সর্বোচ্চ উত্তোলনক্ষমতা ৬০ টন করে। ‘নির্ভীক’ ও ‘প্রত্যয়’ সংগ্রহ করা হয় ২০১৩ সালে, ৩৫৬ কোটি টাকা ব্যয়ে; প্রতিটির সর্বোচ্চ উত্তোলনক্ষমতা ২৫০ টন।
দুর্ঘটনার কারণ খুঁজতে বিআইডব্লিউটিএর সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে কারিগরি ত্রুটিজনিত দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রকৃত কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকেও আলাদা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।