আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে ১১ ধরনের পণ্য বাকিতে আমদানির সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ নভেম্বর) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন তেল, পাম তেল, চিনি, ছোলা, মসলা, খেজুর ও মটরশুঁটি আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বিলম্বে অর্থ পরিশোধের সুবিধা পাবেন আমদানিকারকেরা। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) আওতায় এ সুবিধা নেওয়া যাবে।
এই সুবিধায় পণ্য দেশে আসার পরপরই আমদানিকারককে পুরো আমদানিমূল্য পরিশোধ করতে হবে না। নির্ধারিত মেয়াদ শেষে বা বিলম্বে দাম পরিশোধের সুযোগ থাকায় পণ্য বিক্রি করে ব্যাংকের দায় মেটানো সম্ভব হবে। এতে আমদানিকারকদের মূলধনের চাপ কিছুটা কমতে পারে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংক-সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই সুবিধা আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
সাধারণত রমজান মাসে চাল, ডাল, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুরের মতো পণ্যের চাহিদা বেড়ে যায়। ফলে সে সময় সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দামের চাপ কমানো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্যাংক খাতসংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সিদ্ধান্তে আমদানিকারকেরা এসব পণ্য আমদানিতে উৎসাহিত হবেন।
এর আগে গত ৮ নভেম্বর রমজানকে সামনে রেখে এসব পণ্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এলসি খোলার সময় আমদানিকারককে ব্যাংকে যে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ জমা দিতে হয়, তাকেই এলসি মার্জিন বলা হয়।