শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

বেগমগঞ্জ থানার ওসি জানিয়েছেন, শুক্রবার বিকেলে মিছিল থেকে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দরজায় আগুন ধরানো ও জানালা ভাঙচুর করা হয়; কেউ হতাহত হননি।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে চৌমুহনীর কাছারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বেলা পৌনে ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাছারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। সেখান থেকে তাঁরা একটি মিছিল বের করেন, যা চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলের এক পর্যায়ে নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়ের দুটি জানালার কাচও ভাঙচুর করা হয়। তাঁরা প্রায় পাঁচ মিনিট সেখানে অবস্থান করে চলে যান। পরে ব্যাংকের কর্মচারীরা বেরিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনায় কেউ হতাহত হননি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ভাঙচুরে কার্যালয়ের দুটি জানালা এবং একটি দরজা ও ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়, তবে সেখানে নিষিদ্ধ সংগঠনের কাউকে পাওয়া যায়নি। মিছিলের ভিডিও ও ছবি সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে বলে তিনি জানান। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।