শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রূপপুরে দ্বিতীয় ইউনিটের জন্য এল ইউরেনিয়ামের সপ্তম চালান, সেনা তত্ত্বাবধানে কড়া নিরাপত্তায় পরিবহন

শুক্রবার সকাল ৬টা ২৪ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে জ্বালানি পাবনার ঈশ্বরদীর প্রকল্প এলাকায় পৌঁছায়।

রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। এ নিয়ে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি চালান প্রকল্প এলাকায় এল।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তায় সড়কপথে জ্বালানি পরিবহন করা হয়। এ সময় ঢাকা থেকে রূপপুর পর্যন্ত বিভিন্ন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার কথা।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর কেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে; প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওই দিন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সংযোগ সম্পন্ন হয় এবং সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

মন্ত্রী এটিকে দেশের জন্য ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি জানান, পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে। চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।