বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কাশিমপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫

সকাল সাড়ে ৮টার দিকে রান্নাঘরে আগুন লাগার পর দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে; গৃহকর্তার অবস্থা আশঙ্কাজনক।

গাজীপুরের কাশিমপুরে স্কয়ার টেক্সটাইল মিল এলাকায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে দগ্ধ অবস্থায় তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়; তাঁরা সেখানে চিকিৎসাধীন।

দগ্ধরা হলেন রিয়াজুল শেখ (৪০), তাঁর স্ত্রী আরিফা বেগম (৩৫), মেয়ে ফারিয়া (১৭) ও রোজিনা (১৮) এবং এক বছর বয়সী ছেলে রহিম।

দগ্ধ রোজিনার স্বামী আকাশ শেখ জানান, কাশিমপুর এলাকার একটি বাসায় রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে যায়। আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে পাঁচজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, রিয়াজুলের শরীরের ৪০ শতাংশ, আরিফার ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ এবং রোজিনা ও শিশু রহিমের ১ শতাংশ করে দগ্ধ হয়েছে। রিয়াজুলের অবস্থা আশঙ্কাজনক। স্বামী-স্ত্রী দুজনকে ভর্তি করা হয়েছে; কম দগ্ধ হওয়ায় বাকি তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।