শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

প্রথমবারের মতো জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা, নথিভুক্ত রোগী ৪ হাজার ১৩৮ জন

হিমোফিলিয়া রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য ও মানসম্মত করতে ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

বংশগত রক্তক্ষরণজনিত রোগ হিমোফিলিয়ায় আক্রান্তদের চিকিৎসাসেবা আরও উন্নত, সহজলভ্য ও মানসম্মত করতে প্রথমবারের মতো প্রণীত হয়েছে ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্দেশিকাটি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শরীরে রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানের ঘাটতির কারণে এই রোগে আক্রান্তদের সামান্য আঘাতেও দীর্ঘ সময় রক্তক্ষরণ হতে পারে। অনেক ক্ষেত্রে শরীরের ভেতরে, বিশেষ করে হাঁটু, কনুইসহ বিভিন্ন জয়েন্ট ও মাংসপেশিতে রক্তক্ষরণ ঘটে। সময়মতো চিকিৎসা না পেলে জয়েন্ট স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে রোগী চলাচলের ক্ষমতা হারাতে পারেন। শিশুদের ক্ষেত্রে জটিলতা তাদের স্বাভাবিক বেড়ে ওঠাকেও প্রভাবিত করে।

বিশ্ব হিমোফিলিয়া ফেডারেশনের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ৪ হাজার ১৩৮ জন হিমোফিলিয়া রোগী শনাক্ত ও নথিভুক্ত আছেন। তবে রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, বিশেষায়িত চিকিৎসা এবং জীবন রক্ষাকারী ক্লটিং ফ্যাক্টর কনসেনট্রেটের (রক্ত জমাট বাঁধার ওষুধ) প্রাপ্যতা সবার জন্য সমান নয়। ফলে অনেক রোগী যথাসময়ে রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে প্রণীত এ নির্দেশিকা বাস্তবায়নে সহযোগিতা করেছে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ। আয়োজকদের তথ্য অনুযায়ী, এর মূল লক্ষ্য হিমোফিলিয়া চিকিৎসায় প্রমাণভিত্তিক পদ্ধতি অনুসরণ, চিকিৎসাসেবার মান ও ব্যবস্থাপনায় সমন্বয় এবং দেশের সব অঞ্চলে আক্রান্তদের জন্য মানসম্মত চিকিৎসার সুযোগ সম্প্রসারণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীসহ অন্যরা। নির্দেশিকার বিভিন্ন দিক তুলে ধরেন হেমাটোলজি সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ।