মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মজুরি বোর্ডে সংশোধিত প্রস্তাব: মালিকপক্ষ ১৫ হাজার ৮০০, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা; চতুর্থ সভা আজ দুপুরে

সোমবারের প্রায় পৌনে ৯ ঘণ্টার সভায় দুই পক্ষ একাধিকবার প্রস্তাব সংশোধন করলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম ১৫ হাজার ৮০০ টাকা মজুরির প্রস্তাব করেছে মালিকপক্ষ। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টার আলোচনা ও দুই দফা সংশোধনের পর তারা এই অঙ্ক প্রস্তাব করে। সভার শুরুতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা। এর বিপরীতে শ্রমিকপক্ষের সংশোধিত ন্যূনতম মজুরির প্রস্তাব ২২ হাজার টাকা। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করেছিল।

মজুরি বোর্ড, মালিকদের সংগঠন বিজিএমইএ ও একাধিক শ্রমিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সোমবারের সভা শুরু হয় পৌনে ১২টায়। কয়েক দফা বিরতি দিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত, অর্থাৎ প্রায় ৮ ঘণ্টা ৪৫ মিনিট এই সভা চলে। তবু কোনো পক্ষ সিদ্ধান্তে একমত হতে পারেনি। আরও আলোচনার জন্য সভা মুলতবি করা হয়। মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে চতুর্থ সভা বসার কথা।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারসহ অন্যরা।

ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ সব সময় একটু কম প্রস্তাব দিয়েই শুরু করে; তাদের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাব গ্রহণ করেনি। তিনি শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানান। মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুজ্জামান বলেন, একটি হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দেয়; হাঁস অসুস্থ হয়ে গেলেও কি প্রতিদিন সোনার ডিম আশা করা যায়?

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে সোমবারও গাজীপুর ও সাভারে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর এলাকার প্রায় ৫৫টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয় এবং শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানা বন্ধ রয়েছে। গাজীপুরের শ্রীপুরে সকালে শ্রমিকেরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।