বিগ ব্যাশ ক্রিকেটে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার জন্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন। সবকিছু পরিকল্পনামতো হলে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন এই বাঁহাতি পেসার।
রোববার (২৫ অক্টোবর) এনওসির জন্য আবেদন করেন মোস্তাফিজ। জানা গেছে, বিসিবিও তাঁকে ছাড়পত্র দিতে আগ্রহী। সোমবার ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির নিলামে বিসিবি সভাপতি তামিম ইকবাল মোস্তাফিজের এনওসি চাওয়ার কথা জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন মৌসুমের পুরোটাই মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে পারবেন তিনি।
বিগ ব্যাশের পরবর্তী আসর হওয়ার কথা আগামী ডিসেম্বর-জানুয়ারিতে। একই সময়ে ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণ। বিগ ব্যাশে খেলার কারণে এই সংস্করণে খেলবেন না মোস্তাফিজ ও রিশাদ হোসেন। নিলামে মোস্তাফিজকে নিয়ে তেমন কাড়াকাড়ি হয়নি; ৭০ লাখ পয়েন্টে তাঁকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। তবে দলটি তাঁকে শুধু ওয়ানডে সংস্করণে পাবে। রিশাদকে ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।
টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোয় মোস্তাফিজ ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলছেন না।
বিগ ব্যাশে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে খেলেছিলেন সাকিব আল হাসান। গত মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে নজর কাড়া লেগ স্পিনার রিশাদ হোসেন আগামী আসরেও একই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন। ফলে আসন্ন আসরে একসঙ্গে দুজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে অস্ট্রেলিয়ার এই লিগে।