ফ্যামিলি কার্ড একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং এর অংশ হিসেবে বর্তমানে সারাদেশে তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মন্ত্রী বলেন, প্রতি পাঁচ সদস্যের পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে এই কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে পাওয়া অর্থ নারীরা শুধু পারিবারিক খরচ ও সন্তানদের লেখাপড়ায় নয়, বসতবাড়ির আঙিনায় কৃষিকাজ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতেও কাজে লাগাতে পারবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নারী ও শিশুবিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষা, ফ্যামিলি কার্ড এবং নারী-শিশুদের টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জাহিদ হোসেন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের নামে ফ্যামিলি কার্ড দিচ্ছেন। এটি সরকারের অন্তর্ভুক্তিমূলক নারী উন্নয়ন নীতিরই প্রতিফলন। তিনি আরও জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ভাতার আওতা বাড়ানো হচ্ছে। তাঁদের চলাচলের সুবিধার জন্য বিভিন্ন ভবনে র্যাম্প বসানো এবং ওয়াশরুম তাঁদের ব্যবহারের উপযোগী করে নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাক্ষাৎকালে ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন ও দুস্থ শিশুদের সুরক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। আগামী ২৫ নভেম্বর ঢাকায় ফরাসি দূতাবাসে ফরাসি উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ফেমিনিস্ট ফরেন পলিসি প্লাস লোকাল গ্রুপ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। রাষ্ট্রদূত ওই অনুষ্ঠানে মন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।