ঝালকাঠির নলছিটিতে পুলিশের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার দুপুরে দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাঁর স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন বলে পুলিশের অভিযোগ।
সোমবার পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে মামলা করে। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রাকিব মৃধা, রুবেল মৃধা, মিল্টন হাওলাদার, সেলিনা বেগম, সোহেল হাওলাদার, রাশেদ মৃধা ও শহিদুল ইসলাম।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার মূল আসামিসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।