রাজশাহীর পবা উপজেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’। গ্রামীণ সড়কে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রাম পুলিশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নেওয়া এ কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নে মোট ১৬ হাজার গাছ রোপণ করা হবে।
রোববার (২২ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন জানান, প্রতিটি ইউনিয়নে দুই হাজার করে গাছ লাগানো হবে। এর একটি অংশের রোপণ ও পরিচর্যার দায়িত্ব পালন করবেন গ্রাম পুলিশ সদস্যরা। বাকি গাছ রোপণ করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠান। অনুষ্ঠান শেষে তিনি হড়গ্রাম ইউনিয়ন পরিষদের আওতায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে প্রতিটি ইউনিয়নে একটি সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখা এবং গ্রাম পুলিশ সামাজিক বনায়ন কর্মসূচি সারা দেশে বাস্তবায়ন করা হচ্ছে। পবায় এর শুরু হলো প্রথমবারের মতো। কর্মসূচির নিয়ম অনুযায়ী, গাছের পরিচর্যার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যরা গাছ থেকে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন, বাকি ৫০ শতাংশ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে। তাঁর ভাষ্য, এর মাধ্যমে গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং তাঁদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথাও তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বৃক্ষরোপণের পাশাপাশি হুইলচেয়ার, সেলাই মেশিন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং বয়স্ক, বিধবা ও অসচ্ছল ব্যক্তিদের ভাতা দেওয়ার মতো পরিকল্পনা রয়েছে। গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থকরী সম্পদ গড়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর সুরক্ষা ও পরিচর্যার দায়িত্বও নিতে হবে।