রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পরীক্ষা, ফল ও ভর্তির দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের প্রায় দুই বছর নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী; এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বরের মধ্যে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের এসএসসি এক মাসে শেষ করে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজন, ফল প্রকাশ এবং ভর্তি কার্যক্রমের দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের প্রায় দুই বছর সময় নষ্ট হচ্ছে। বছরে ২০ লাখ শিক্ষার্থী ধরলে এ অপচয় দাঁড়ায় ৪০ লাখ বছরের সমান সময়।

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ১৬ বছরে একজন শিক্ষার্থীর এসএসসি পাস করা উচিত, কিন্তু এখন সময় লাগছে ১৭ বছর। কারণ পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া শেষ করতে শিক্ষা বোর্ডেরই এক বছর লেগে যায়। এর সঙ্গে মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় আরও এক বছরের ব্যবধান তৈরি হচ্ছে।

মন্ত্রী বলেন, এ দীর্ঘসূত্রতা কমাতে পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের সময় এগিয়ে আনতে হবে। তিনি সব সময় শিক্ষা কার্যক্রম ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে নিয়ে আসতে চেয়েছেন। সেই লক্ষ্যে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু রোজার কারণে তা সম্ভব হয়নি; তাই পরীক্ষা ১৫ মার্চে পিছিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আগামী বছরের এসএসসি পরীক্ষা এক মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা আছে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। এতে পরীক্ষা ও ভর্তি কার্যক্রমের মধ্যবর্তী সময় কমিয়ে সেশনজট দূর করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ফল ভালো নয়, মাত্র ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বিশ্ববিদ্যালয়গুলো যত দ্রুত সম্ভব ভর্তি কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে এবং এ বিষয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক হয়েছে। এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বরের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। দ্রুত ফল প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জটিলতা কমানোর চেষ্টা চলছে।