প্রস্তাবিত বাংলাদেশ-চীন-মিয়ানমার (বিসিএম) অর্থনৈতিক করিডোরকে তিন দেশের রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন চীনের ইউনান প্রদেশের পররাষ্ট্র দপ্তরের উপমহাপরিচালক ওয়েন শিসাং। তিনি জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নে বেইজিং কাজ করছে এবং করিডোর বাস্তবায়িত হলে সব পক্ষই লাভবান হবে।
সম্প্রতি চীন সফরে যাওয়া বাংলাদেশের একটি গণমাধ্যম প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত নৈশভোজ ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বাংলাদেশকে চীনের গুরুত্বপূর্ণ অংশীদার ও বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর কথা বলেন। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি।
ওয়েন শিসাংয়ের মতে, উদ্যোগটি এগিয়ে নিতে ব্যবসায়ী সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করতে হবে এবং বাস্তবায়নে সব পক্ষকে সমানভাবে উদ্যোগী হতে হবে।
গত ২৬ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দেয় বেইজিং। ওই বৈঠকে অর্থনৈতিক সংযোগ নিয়ে দুই নেতার বিস্তারিত আলোচনা হয়।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রস্তাবিত ত্রিদেশীয় করিডোরের ব্যাপারে বাংলাদেশ ইতিবাচক এবং প্রকল্প বাস্তবায়নে আপত্তি নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে।
বাংলাদেশ ২০১৬ সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দেয়। এখন বিসিএম করিডোরে যুক্ত হওয়ার প্রস্তাব এসেছে চীনের কাছ থেকে।