রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ঢাবি ডাকসু নির্বাচনে প্রার্থী ফাতিমা জুমার অভিযোগ: ৬৯৪টি স্ক্রিনশট সংগ্রহ

ছাত্রদল, বাগছাস, বামপন্থী ও আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হেনস্তা ও হুমকির অভিযোগ

ফাতিমা তাসনিম জুমা
ছবি: ফাতিমা তাসনিম জুমা | সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমা দাবি করেছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ৬৯৪টি ধর্ষণ ও হত্যার হুমকির স্ক্রিনশট সংগ্রহে রেখেছেন।

ডাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী ফাতিমা তাসনিম জুমা অভিযোগ করেছেন, ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বামপন্থী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণ, হত্যার হুমকি ও নানা অশ্লীল কটূক্তি করছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ৬০০টিরও বেশি স্ক্রিনশট তার কাছে রয়েছে যেখানে তাকে ধর্ষণ, হত্যা এবং অশ্লীল ভিডিও তৈরির হুমকি দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে আদালতে রিট করার পর, বামজোট সমর্থিত অপরাজেয় ৭১ ও অদম্য ২৪ প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেন ঢাবির এক ছাত্র আলী হুসেন। বিষয়টি ভাইরাল হলে তাকে ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করলেও, সংগঠনটি সেটি অস্বীকার করে।

ফাতিমা তাসনিম জুমা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “আজকের এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদ হয়েছে। কিন্তু আমার ঘটনার ক্ষেত্রে নীরবতা কেন? আমি প্রশ্ন করছি, ন্যায়বিচার কি বাছাই করে হবে?”

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ছাত্রদল, বাগছাস, বামপন্থী ও আওয়ামী লীগের ৬৯৪টি স্ক্রিনশট তিনি প্রকাশ করতে চান। একইসঙ্গে নারীদের বিষয়ে সিলেক্টিভ প্রতিবাদকারী ‘সুশীল সমাজ’-এর ভণ্ডামিও তিনি তুলে ধরবেন বলে সতর্ক করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন প্যানেলের সঙ্গে আলোচনায় নারীর নিরাপত্তা ইস্যুতে ঐক্য গড়ে তোলার প্রস্তাব দিলেও কেউ আগ্রহ দেখায়নি। তার অভিযোগ, “ফাহমিদার জন্য বিচার চাই, কিন্তু একইসঙ্গে আমার সঙ্গে হওয়া অন্যায়েরও বিচার চাই। যারা নীরব থেকে এসব সমর্থন দিচ্ছেন, তারাও দায়ী।”